রাজধানীর কোতোয়ালি থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের অব্যাহতি চেয়ে আংশিক চার্জ শুনানি শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক মো. সাদেকীন হাবীব বাপ্পীর আদালতে আসামিপক্ষের আইনজীবীরা এ শুনানি করেন। শুনানি শেষ না হওয়ায় আদালত আগামী ১০ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেন।
এদিন আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার সুমন হোসাইনসহ অন্য আইনজীবীরা অব্যাহতি চেয়ে শুনানিতে অংশ নেন। তারা আদালতকে বলেন, আসামিরা পরিস্থিতির শিকার। তাদের মিথ্যাভাবে এ মামলায় ফাঁসানো হয়েছে এবং মামলার উদ্দেশ্যই সঠিক নয়। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। দুই পক্ষের শুনানি শেষে আদালত আগামী ১০ ডিসেম্বর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৩ আগস্ট সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোপন সূত্রে পুলিশ জানতে পারে, নিউমার্কেট থানার একটি হত্যা মামলার আসামিরা সদরঘাটের ২ নম্বর মসজিদসংলগ্ন এলাকায় অবৈধভাবে বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রা নিজেদের হেফাজতে রেখেছেন। পরে সেখানে অভিযান চালিয়ে পালানোর চেষ্টাকালে আনিসুল হক ও সালমান এফ রহমানকে আটক করা হয়।
এ সময় আনিসুল হকের কাছে থাকা একটি ব্যাগ থেকে ১৭ হাজার ৫৯২ মার্কিন ডলার ও ৭২৬ সিঙ্গাপুর ডলার জব্দ করা হয়। অন্যদিকে সালমান এফ রহমানের কাছ থেকে ১২ হাজার ৬২৪ মার্কিন ডলার, ৬২০ সুইস ফ্রাঙ্ক, ৮ হাজার ৫০০ দিরহাম, ১৩ লাখ উজবেকিস্তানি সোম, ১১ হাজার ৬৫০ সৌদি রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুর ডলার, ১৫০ পাউন্ড, ১ হাজার ৩২১ ইউরো, ৬ হাজার ২৩০ ভুটানি গুলট্রাম, ৩ হাজার ৩২০ থাই বাথ ও ৫০ হাজার টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
২০২৫ সালের ৩০ নভেম্বর তদন্ত শেষে কোতোয়ালি থানার এসআই নুরুজ্জামান আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
অভিযোগপত্রে বলা হয়, আনিসুল হক ও সালমান এফ রহমান যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ও অনুমোদন ছাড়া ব্যবসায়িক উদ্দেশ্যে সচেতনভাবে ও জ্ঞাতসারে বৈদেশিক মুদ্রা নিজেদের হেফাজতে রেখেছিলেন। জব্দ করা মুদ্রার বিষয়ে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
গ্রেপ্তারের পর থেকে আনিসুল হক ও সালমান এফ রহমান কারাগারে রয়েছেন। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে করা হত্যা ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বিভিন্ন সময়ে রিমান্ডে নেওয়া হয়েছে।