খুলনা মেডিকেল কলেজের (খুমেক) ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। হুইপ রকিবুল ইসলাম বকুলের মধ্যস্থায় আজ শনিবার রাত ৭টার পর কর্মবিরতি প্রত্যাহার করেন তারা।
মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান পদে ডা. মো. জহিরুল হককে দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকরা।
ইন্টার্ন চিকিৎসক এসোসিয়েশনের সদস্য সচিব ডা. কামরান হোসেন চরচকে বলেন, “মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান পদে ডা. মো. জহিরুল হকের অবৈধ আদেশ প্রত্যাহার করার আশ্বাসের প্রেক্ষিতে তারা ধর্মঘট প্রত্যাহার করেন। বিষয়টি নিয়ে হুইপ রকিবুল ইসলাম বকুল টেলিফোনে আমাদের সাথে কথা বলেন। এরপর তিনি আমাদের আশ্বাস দিলে আমরা কর্মসূচি প্রত্যাহার করি।”
জানা গেছে, খুমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ আমানুল ইসলাম স্বাক্ষরিত গত ২৪ সেপ্টেম্বরের অফিস আদেশে বলা হয়, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ বি এম সাইফুল আলম আগামী ৩০ সেপ্টেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। তার শেষ কর্মদিবসে মেডিসিন বিভাগের অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. মো. জহিরুল হকের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। এ আদেশের প্রেক্ষিতে আজ শনিবার দুপুরে খুমেক হাসপাতালের হলরুমে জরুরি বৈঠক শেষে কর্মবিরতির ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে ওই হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীসহ শত শত রোগী চিকিৎসাসেবা না পেয়ে ভোগান্তিতে পড়েন।