রাজধানীর লালবাগে একটি ভাড়া বাসা থেকে অ্যাডভোকেট আনোয়ার হোসেন (৩০) নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে লালবাগ থানার শহীদনগর ৩ নম্বর ফাঁড়ি মসজিদ গলির একটি ভবন থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাড়ির মালিক মনির হোসেন জানান, চলতি মাসের শুরুতেই মাসিক চার হাজার টাকা ভাড়ায় কক্ষটি নেন আনোয়ার হোসেন। তিনি সেখানে একাই বসবাস করতেন।
লালবাগ থানা-পুলিশ জানায়, ঘর থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, ২ থেকে ৩ দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পুলিশ নিহতের স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন বলেন, ‘‘আনোয়ার হোসেন জজ কোর্টের অ্যাডভোকেট ছিলেন এবং ওই বাসায় ব্যাচেলর হিসেবে থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। মরদেহটি দুই থেকে তিন দিন আগের হতে পারে।’’
ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরেই এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।