Advertisement

গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ ও ভাঙচুর, বিজিবি মোতায়েন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ ও ভাঙচুর, বিজিবি মোতায়েন
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন করা হয়েছে। ছবি: চরচা

গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Advertisement

আজ রোববার সকাল ১১টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে এসব কর্মসূচি চলে।

স্থানীয় সাংবাদিকদের বরাতে বিবিসি বাংলা জানিয়েছেন, দিনভর এ বিক্ষোভের সময় অনেকের কাছে দা-রামদার মতো দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠি বৈঠা দেখা গেছে। বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লীগের কার্যালয় দখল করে সেটি খুলে দিয়েছে। পাশাপাশি শহরের লঞ্চঘাট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ পুড়িয়ে দিয়েছে।

এ ছাড়া পুলিশের একটি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক মুছে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়।

Advertisement

আওয়ামী লীগ সরকারের পতনের পর এই কলেজের নাম পরিবর্তন করে গোপালগঞ্জ সরকারি কলেজ রাখা হয়েছে।

বিক্ষোভের এক পর্যায়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে দেওয়া হয়েছে। বিক্ষোভের যেসব ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে শহরজুড়ে পুলিশের উপস্থিতি দেখা গেছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের অবস্থান দেখা গেলেও বিক্ষোভকারীদের ভাঙচুর ও অবরোধের সময় পুলিশের উল্লেখযোগ্য তৎপরতা চোখে পড়েনি।

পুলিশের পাশ দিয়েই বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বের হয়ে সড়ক অবরোধ করেছে। এ বিষয়ে জেলা পুলিশ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এদিকে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে বিজিবির ছয় প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।