চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
গতকাল বুধবার রাতে শিবগঞ্জ উপজেলার চৌডালা-কানসাট সড়কের পুষকুনি এলাকায় এ ঘটনা ঘটে। খবর ইউএনবির।
নিহতরা হলেন একই উপজেলার ঝাবুবাজার গ্রামের আইসুদ্দিন ও তার ছেলে শরিফুল ইসলাম এবং শিবনারায়ণপুর গ্রামের আবদুল হামিদ।
পুলিশ জানায়, সোনাইচণ্ডী গরুর হাট থেকে গবাদিপশু বিক্রি করে ভটভুটিতে করে বাড়ি ফিরছিলেন তারা। পথে পুষকুনি এলাকায় পৌঁছালে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আইসুদ্দিন মারা যান।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শরিফুল ইসলাম ও আবদুল হামিদকে মৃত ঘোষণা করেন।
আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওয়াসিম বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।