Advertisement Banner

আলজেরিয়ার বিপক্ষে মেসি ‘শুরু থেকেই’

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
আলজেরিয়ার বিপক্ষে মেসি ‘শুরু থেকেই’
আলজেরিয়ার বিপক্ষে মেসি প্রথম থেকেই খেলবেন। ছবি: রয়টার্স

বুধবার সকালে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশন তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের। কোচ লিওনেল স্কালোনির সংবাদ সম্মেলনে দল নিয়ে যতোটা না কথা হয়েছে, তার চেয়ে অনেক বেশি হয়েছে লিওনেল মেসিকে নিয়েই। হবে না কেন! তিনি যে আর্জেন্টিনার সেরা খেলোয়াড়, প্রাণভোমরা—যা–ই বলা হোক না কেন! বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্সের সবচেয়ে বড় নিয়ামক, প্রভাবক তিনিই।

স্কালোনির সঙ্গে সংবাদ সম্মেলনে ছিলেন আর্জেন্টিনার অন্যতম সিনিয়র খেলোয়াড় নিকোলাস ওতামেন্দি। স্কালোনি, কিংবা ওতামেন্দি দুজনের মুখেই ছিল মেসির গুরুত্ব। স্কালোনি জানিয়ে দিয়েছেন, যে চোট নিয়ে মেসি ভুগছিলেন, সেটা তিনি কাটিয়ে উঠেছেন। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে শুরু থেকেই মাঠে দেখা যাবে আর্জেন্টাইন তারকাকে।

মেসির প্রভাবের কথা আলাদাভাবে বলেছেন স্কালোনি, “শুধু আর্জেন্টাইনরাই নয়, আমাদের বিশ্বাস সারা বিশ্বের মানুষই তাঁকে মাঠে দেখতে চায়, তাঁর খেলা উপভোগ করতে চায়।”

বিশ্বকাপের আগ দিয়ে পেশির চোট নিয়ে কিছুটা ভুগেছেন মেসি। চোটের কারণেই হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে তিনি খেলেননি। আইসল্যান্ডের বিপক্ষে সবশেষ প্রীতি ম্যাচটিতে আর্জেন্টিনা জেতে ৩–০ গোলে। সে ম্যাচে বেঞ্চ থেকে মাঠে নেমে পেনাল্টি থেকে একটি গোলও করেছেন মেসি।

৩৮ বছর বয়সী মেসি দলের জন্য ‘বোঝা’ কিনা, এমন প্রশ্নও উড়ে এসেছিল আর্জেন্টিনা কোচের দিকে। এমন প্রশ্নে কিছুটা অবাকই হয়েছেন স্কালোনি। সোজা বলে দিয়েছেন, “মেসির প্রভাব দলে আগের মতোই অটুট। মেসি দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মেসি সব সময়ই আমাদের দলে ছিল, সে দলের সবচেয়ে অপরিহার্য খেলোয়াড়। এখন তো আরও বেশি। মেসি বিভিন্ন সময় বিভিন্ন শারীরিক পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। সে অনন্য।”

নিকোলাস ওতামেন্দি মেসিকে বলছেন ‘ইতিহাসের সেরা খেলোয়াড়’, “আমরা একসঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি। তিনি অত্যন্ত সাধারণ একজন মানুষ, যিনি ট্রেনিং ক্যাম্প ও অনুশীলন উপভোগ করেন এবং সেভাবেই নিজেকে প্রস্তুত করেন। পাশাপাশি তিনি মাঠের লড়াইয়ে এক অদম্য মানসিকতার অধিকারী। তাঁর এই রূপটাই আপনাকে সবসময় চেষ্টা চালিয়ে যেতে, গা ভাসিয়ে না দিতে এবং তাঁর পাশে থেকে তাঁকে সাহায্য ও সমর্থন জোগাতে অনুপ্রেরণা দেয়।”

সম্পর্কিত