Advertisement

রাজধানীর আজমপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

রাজধানীর আজমপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরখানের আজমপুর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির বাসের ধাক্কায় শফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

Advertisement

নিহতের শালিকা রুবিয়া আক্তার চরচাকে জানান, তার দুলাভাই শফিকুল ইসলামের গ্রামের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার আরাফপুর গ্রামে। আজ ভোর ৪টার দিকে তিনি গ্রাম থেকে গ্রিনলাইন পরিবহনের একটি বাসে ঢাকায় আসেন। পরে উত্তরা আজমপুরে বাস থেকে নেমে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি অজ্ঞাত বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

রুবিয়া আরও জানান, দুর্ঘটনার পর পথচারীরা শফিকুলকে উদ্ধার করে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যান। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শফিকুল ইসলামের বাবার নাম নিজাম উদ্দিন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে শফিকুলের মৃত্যুর বিষয়টি চরচাকে নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।