Advertisement

খুলনা বিএল কলেজ এলাকায় গুলিতে যুবক আহত

খুলনা বিএল কলেজ এলাকায় গুলিতে যুবক আহত
প্রতীকী ছবি। ছবি: পেক্সেলস

খুলনায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মহিদুল ইসলাম নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে নগরীর দৌলতপুর থানার বিএল কলেজ দ্বিতীয় গেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

Advertisement

আহত মহিদুল ইসলাম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বনগাঁ গ্রামের শওকত খাঁ’র ছেলে। তিনি বিএল কলেজের পেছনে একটি তেলের ডিপোতে গাড়ি পরিষ্কারের কাজ করতেন।

Advertisement

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার ভোরে বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকার একটি হোটেলে নাস্তা করতে যান মহিদুল। এ সময় ৮ থেকে ১০ জন যুবক তাকে ঘেরাও করে এবং হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলিটি তার পেটে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার এসআই মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে চিকিৎসাধীন যুবকের সঙ্গে কথা বলে ঘটনার কারণ জানার চেষ্টা চলছে।

আব্দুর রাজ্জাক আরো জানান, জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত কারণ জানা যায়নি।