চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ আবাসিক এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ল্যাপটপ, মুঠোফোনসহ দেড় শতাধিক ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য হতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও খুলশী থানা পুলিশের অভিযানে তাদের আটক করে।
পুলিশ জানায়, আটকরা চীন, লাওস, ভিয়েতনাম ও পাকিস্তানের নাগরিক।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম চরচাকে বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ পুলিশ এ অভিযান চালিয়েছে। ওই ভবনে বিভিন্ন দেশের নাগরিক অবস্থান করছিলেন। তাদের কাছ থেকে আইফোন, ল্যাপটপসহ দেড় শতাধিক ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।
আবদুর রহিম আরও বলেন, তারা কী কারণে সেখানে জড়ো হয়েছিলেন, সেটি খতিয়ে দেখা হচ্ছে। তারা ইন্টারনেট ব্যবহার করে প্রতারণার সঙ্গে যুক্ত কি না, সেটিও যাচাই করা হচ্ছে। তিনি আরও জানান, এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত জানানো হবে।