চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রকাশিত হয়েছে। এবার বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। প্রকাশিত ফল অনুযায়ী, এবছর বরিশালের বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।
আজ শনিবার বেলা ১১টার দিকে পরীক্ষার ফল ঘোষণা করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। বলেন, এবারের ফল যথাযথভাবে পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর বরিশাল বোর্ডের অধীন বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে পাস করেছেন ২৫ হাজার ৯৭০ জন।
গতবছর এ বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ। সেই হিসেবে এ বছর এই বোর্ডে পাসের হার কমেছে ১৭ দশমিক ৭৩ শতাংশ। বরিশাল শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। আর শতভাগ পাস করেছে ৩ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।