Advertisement

আওয়ামী লীগের ১৬ নেতা-কর্মী আটক

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

আওয়ামী লীগের ১৬ নেতা-কর্মী আটক
প্রতীকী ছবি

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১৬ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে থেকে আজ শুক্রবার দুপুর ৩টার মধ্যে ডেমরা, তুরাগ, দারুসসালাম, উত্তরা পূর্ব এবং মিরপুর মডেল থানা এলাকায় মিছিলের প্রস্তুতিকালে ককটেলসহ তাদের আটক করা হয় বলে চরচাকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের সহকারী কমিশনার নিয়াজ মেহেদী।

Advertisement

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চরচাকে বলেন, “আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে তুরাগ থানার ইস্ট ওয়েস্ট মেডিকেলের সামনে ২০ থেকে ২৫ জন মিছিল বের করে। তখন আমাদের কয়েকজন ডিউটিতে থাকা পুলিশ সদস্যকে দেখে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। সেখান থেকে দুজনকে আটক করা হয়। আটককৃতদের নাম মোহাম্মদ ইয়াসিন (২০), মো. রিফাত (২০)।”

উত্তরা পূর্ব থানার ওসি মো. মোরশেদ চরচাকে বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় অভিযান পরিচালনা করে মো. মিরাজ উদ্দিন (৫০) নামের এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়। মিরাজ তুরাগ থানা আওয়মী লীগের ৫৩নং ওয়ার্ডের সভাপতি বলেও জানান এই কর্মকর্তা।

দারুস সালাম থানার ওসি মো. দুলাল হোসেন চরচাকে বলেন, “আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মো. জাহাঙ্গীর (৪০) নামে একজনকে আটক করেছেন।”

Advertisement

ডেমরা থানার ওসি তাইফুর রহমান মির্জা চরচাকে বলেন, “আজ শুক্রবার দুপুর ২টার দিকে কোনাপাড়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতাকর্মী মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। তখন ধাওয়া দিয়ে ৯ জনকে আটক করেছি। তাদের থেকে তিনটি ককটেল উদ্ধার করেছি।”

মিরপুর থানার ওসি মো. হাফিজুর রহমান চরচাকে জানায়, তারা গতকাল বৃহস্পতিবার রাত ১০টা দিকে ৩ জনকে আটক করে এবং তাদের অভিযান চলমান রয়েছে।