Advertisement

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব এবার গৃহবন্দি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব এবার গৃহবন্দি
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। রাজকীয় ক্ষমার শর্ত অনুযায়ী তার জরিমানার অর্থ পরিশোধের পর শুক্রবার এ তথ্য জানিয়েছেন নাজিবের আইনজীবী। আদালতের আদেশ কার্যকর হলে আজই বাড়ি ফিরতে পারেন তিনি। খবর রয়টার্সের।

Advertisement

নাজিব ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ‘ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ’ (ওয়ানএমডিবি) থেকে কয়েক শ কোটি ডলার আত্মসাতের ঘটনায় দুর্নীতির দায়ে তিনি দোষী সাব্যস্ত হন। তবে তিনি সব সময় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন।

Advertisement

নাজিবের আইনজীবী ফারহান শাফি সাংবাদিকদের বলেন, “আমরা আদালতের আদেশ পেয়েছি। এখন এই আদেশটি কাজাং কারাগারে পৌঁছে দেব।” ২০২২ সাল থেকে নাজিব ওই কারাগারে বন্দী রয়েছেন।

ফারহান শাফি বলেন, প্রক্রিয়া পরিকল্পনা অনুযায়ী চললে ৭৩ বছর বয়সী নাজিব স্থানীয় সময় আজ শুক্রবার বাড়ি ফিরতে পারবেন।

মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সেপ্টেম্বরে নাজিবের সাজা বাকি সময় গৃহবন্দী অবস্থায় কাটানোর অনুমতি দেন। তার দণ্ডের বিষয়ে এটি ছিল দ্বিতীয়বারের মতো রাজকীয় ক্ষমা।

রাজকীয় ক্ষমার শর্ত অনুযায়ী নাজিবকে ৫ কোটি রিঙ্গিত (১ কোটি ২৩ লাখ ২০ হাজার ডলার) জরিমানা দিতে হতো। তার দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) জানিয়েছে, তার পক্ষ থেকে ওই জরিমানা পরিশোধ করা হয়েছে।

নাজিবের জরিমানার অর্থ পরিশোধে গণতহবিল সংগ্রহ করেছে ইউএমএনও। তার আইনজীবীরা জানান, ব্যাংক হিসাব জব্দ থাকায় নিজে ওই অর্থ পরিশোধ করতে পারেননি নাজিব।

ওয়ানএমডিবি কেলেঙ্কারিতে ১০০ কোটি ডলারের বেশি অর্থ নাজিবের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলোতে জমা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। নাজিবের দাবি, বিশ্বজুড়ে বিস্তৃত জটিল এই অর্থ আত্মসাতের ঘটনায় তাকে বলির পাঁঠা বানানো হয়েছে।