Advertisement

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাটডাউন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাটডাউন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ

শিক্ষকদের পদোন্নতিসংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে কমপ্লিট একাডেমিক শাটডাউনের ফলে অচল হয়ে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষা কার্যক্রম। আজ বুধবার সকাল থেকে সব বিভাগের ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

Advertisement

এর আগে গতকাল মঙ্গলবার শিক্ষকরা কর্মবিরতি পালন করেন। হঠাৎ করে শাটডাউন কর্মসূচি ঘোষণায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫টি বিভাগের বিভিন্ন ব্যাচের ফাইনাল পরীক্ষা, মিডটার্ম, ক্লাস টেস্ট ও নিয়মিত ক্লাস স্থগিত হয়ে গেছে। এতে সেশনজটের আশঙ্কায় ভুগছেন শিক্ষার্থীরা।

এ নিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মারুফ হাওলাদার বলেন, কোরবানির ঈদের আগেই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা অনিশ্চিত হয়ে পড়েছে। ফরম ফিলাপও আটকে যেতে পারে, ফলে সেশনজট তৈরির আশঙ্কা রয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন, ন্যায্য দাবি থাকলেও ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে আন্দোলন করা ঠিক নয়। আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান হওয়া উচিত।

Advertisement

অন্যদিকে শিক্ষক আন্দোলনের নেতৃত্বে থাকা সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের ক্ষতি চান না। প্রয়োজনে শুক্র-শনিবার ক্লাস-পরীক্ষা নেওয়া হবে। তবে দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি পূরণ না হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম জানান, পদোন্নতি নিয়ে ইউজিসির আপত্তির কারণে জটিলতা তৈরি হয়েছে। তিনি ক্লাস-পরীক্ষা চালু রেখে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আহ্বান জানান।

পদোন্নতির অপেক্ষায় রয়েছেন ২৪ জন সহযোগী অধ্যাপক, ৩০ জন সহকারী অধ্যাপক ও ৬ জন প্রভাষক।