রাজধানীর শাহবাগ থানায় করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক মো. আজাহার আলী সরকারকে (৫৭) গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ সোমবার পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই আদেশ দেন।
আজ এ মামলায় শুনানির জন্য বেলা সাড়ে ১২ টার দিকে তাকে হুইলচেয়ারে করে সিএমএম আদালতের হাজতখানা থেকে আদালতের এজলাসে তোলা হয়। গ্রেপ্তার দেখানোর শুনানি শেষে সাংবাদিকদের উদ্দেশ্য আজহার বলেন, “আমি নির্দোষ। আমাকে সম্পূর্ণ অন্যায়ভাবে এই মামলায় জড়ানো হয়েছে। ৭১ মঞ্চের সঙ্গে আমি জড়িত ছিলাম না। মিথ্যা মামলা দিয়ে আমাকে গ্রেপ্তার দেখানো হল।”
এসময় আদালতে শারীরিকভাবে অসুস্থতার কথা জানান তিনি।
গত ১৮ জুন এই মামলায় আজাহার আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আখতার মোর্শেদ।
গত বছরের ২৯ আগস্ট এ মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান (কার্জন), মো. আব্দুল্লাহ আল আমিনসহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়।