Advertisement

লামা ও চকরিয়ায় পাহাড় ধসে ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

লামা ও চকরিয়ায় পাহাড় ধসে ৭ জনের মৃত্যু

টানা ভারী বৃষ্টিতে বান্দরবানের লামা ও কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে শিশুসহ সাতজন মারা গেছে। আজ বৃহস্পতিবার ভোরের দিকে পাশাপাশি দুই উপজেলায় এই দুর্ঘটনা ঘটে।

Advertisement

লামায় এক ঘটনায় মারা গেছেন জুয়েল (২৮) ও তার স্ত্রী কুলসুমা বেগম (২২)। আরেক ঘটনায় মারা যান ইউনুস (২৮), তার স্ত্রী রানু বেগম (২২) এবং তাদের চার বছর বয়সি সন্তান সোলায়মান। তারা সবাই আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিশনপাড়ার বাসিন্দা।

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোবারক হোসেন সাংবাদিকদের জানান, টানা বৃষ্টিতে বুধবার দিবাগত রাতের দিকে প্রথম দুর্ঘটনা ঘটে। এতে স্বামী-স্ত্রী মারা যান। পরে আজ বৃহস্পতিবার ভোরের দিকে অপর দুর্ঘটনাটি ঘটে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ছার হামিদ দুটি দুর্ঘটনায় পাঁচজন মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

এদিকে, কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চকরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার। তিনি জানান, বড়ইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মছনিয়া কাটা এলাকায় পাহাড় ধসে ওই দুই শিশুর মৃত্যু হয়।