বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন কিশোর নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- আটিপাড়া গ্রামের কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৩) ও পাশের ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)। নিহত তিনজনই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। পুলিশ বাসটিকে জব্দ করলেও চালক ও সহকারী পালিয়ে যান। ঘটনার পর প্রায় আধাঘন্টা মহাসড়কে সবধরনের যান চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে পুলিশ যানচলাচল স্বাভাবিক করে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফারুক হোসেন জানান, তিন বন্ধু মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আটিপাড়া নামক এলাকায় ঢাকাগামী বেপরোয়াগতির যাত্রীবাহী সুরভী পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। তিনি আরো জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।