দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও এক বাংলাদেশি যুবক। স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
নিহত প্রবাসী বাংলাদেশি নাম মো. জামাল মিয়া (৪০)। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি গ্রামের মো. ছিডু মিয়া বেপারীর ছেলে।
স্থানীয়রা জানান, জীবিকার তাগিদে প্রায় চার থেকে পাঁচ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান জামাল মিয়া। সেখানে নিজ উদ্যোগে একটি ভ্যারাইটি সুপারশপ গড়ে তোলেন। দোকানে একজন কর্মচারী রেখে তিনি ব্যবসা পরিচালনা করছিলেন।
স্বজনদের থেকে জানা যায়, বুধবার রাতে একদল সশস্ত্র ব্যক্তি তার দোকানে হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই জামাল নিহত হন। দোকানে থাকা অপর এক কর্মচারীও গুলিতে গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ছেলের মরদেহ দেশে এনে গ্রামের বাড়িতে দাফনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জামালের বাবা। মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতাও চেয়েছেন তিনি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য খোকন মিয়া জানান, তিনি জামালের মৃত্যুর বিষয়টি মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছেন।
ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, ইউপি সদস্যের কাছ থেকে তিনি জামালের মৃত্যুর খবর পেয়েছেন। এরপর তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন।
মাহমুদা কুলসুম বলেন, “নিহত জামাল মিয়ার বৈধ কাগজপত্র পৌঁছালে দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা প্রয়োজন হলে সেটিও করা হবে।”