দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯২টি শিশু।
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বার্তা সংস্থা ইউএনবির।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৭৭টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৪টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ১৮১টি শিশু মারা গেছে।
এ ছাড়া, ২৪ ঘণ্টায় ৮৬টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৩০৬। এই সময়ে ১ হাজার ১৯৩টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১৭১টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৯ হাজার ৮৭৬, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৯২৬। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৮৬ হাজার ৫৮৩ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।