চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ (এনসিটি) দেশের গুরুত্বপূর্ণ বন্দর ও লাভজনক সরকারি স্থাপনা বিদেশি কোম্পানির কাছে লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বন্দর লিজের আত্মঘাতী সিদ্ধান্ত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ ও সমাবেশে তিনি এ দাবি জানান।
সাইফুল হক বলেন, “দেশের লাভজনক কৌশলগত গুরুত্বপূর্ণ সম্পদ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার পদক্ষেপ আত্মঘাতী ও অদূরদর্শী। এ সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেন আমাদের জাতীয় অর্থনীতির অতিসংবেদনশীল লাইফলাইন অস্বচ্ছ ও অযৌক্তিকভাবে ডিপি ওয়ার্ল্ডকে তুলে দিতে সরকার তার গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা দিতে পারেনি। বিনিয়োগ ও আর্থিক লাভের যে হিসাব দেয়া হয়েছে তা উদ্ভট, তথ্যভিত্তিক নয়।”
তিনি বলেন, “বন্দরের ব্যবস্থাপনা নিশ্চয়ই আরও উন্নত ও গতিশীল করার সুযোগ রয়েছে। নিজেদের ব্যবস্থাপনায় তা করা সম্ভব।”
সাইফুল হক প্রশ্ন রাখেন, লোকসান ও ভর্তুকীর কথা বলে দেশের জ্বালানিখাত কি আমরা বিদেশীদের হাতে তুলে দেব?
তিনি বলেন, “বাজার সিন্ডিকেট, চাঁদাবাজি ও দুর্বৃত্তদের কঠোরভাবে দমন করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে।”
শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে সাইফুল হক বলেন, “শ্রমজীবী মানুষের আয় ও জীবনযাত্রার ব্যয়ের মধ্যে সামঞ্জস্য প্রতিষ্ঠা করা জরুরি।”
ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে ও মীর রেজাউল আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলটির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী ও আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা আক্তার, সাইফুর রেজা মামুন, সাইফুল ইসলাম, বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির সভাপতি জামাল সিকদার
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেগুনবাগিচায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।