বরিশালে মা ইলিশ সংরক্ষণের দায়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়।
আজ রোববার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত সদর উপজেলার কীর্তনখোলা ও কালাবদর নদীতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় জব্দ করা ১০ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
অবৈধভাবে মাছ শিকার প্রতিরোধ এবং মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন এবং বরিশালের ব্যাটালিয়ন আনসার সদস্যরা।
অভিযান চলাকালে জেলেদের মা ইলিশ শিকার থেকে বিরত থাকার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি বলেন, “মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা যথাযথভাবে মেনে চলতে হবে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে এ সময়ে নদীতে মাছ ধরা থেকে বিরত থাকা সবার দায়িত্ব। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ শিকার করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের সুরক্ষা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সময় নদ-নদীতে অবৈধভাবে মাছ শিকার নিষিদ্ধ করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, জেলেদের সরকারি নির্দেশনা মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।