বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
আজ রোববার বাগদাদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের ৫২তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী আলোয়েভ বাখরোমজন জুরাবোয়েভিচের সাক্ষাতে এ আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দুই মন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ, আকাশপথে যোগাযোগ, পর্যটন, বহুপক্ষীয় ফোরামে পারস্পরিক সমর্থন এবং ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বাড়ানোসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করার সম্ভাবনা নিয়েও তারা আলোচনা করেন।
বাগদাদে ১৭ ও ১৮ অক্টোবর অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। গতকাল শনিবার কাউন্সিলের পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন।