রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন তালপুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৬টি ককটেল এবং ৪টি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ বুধবার এসআরবি-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর সিপিএমসি কোম্পানির একটি দল সিটিহাট-টু-কামালচত্বর সড়কের পাশে নেসকো বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন এক আমবাগানে এ অভিযান পরিচালনা করে।
এসআরবি জানায়, স্থানীয় কৃষক মো. জাহাঙ্গীর মণ্ডলের চাষ করা পুঁইশাকের খেতে পরিত্যক্ত দুটি শপিং ব্যাগ দেখতে পেয়ে বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। পরে তল্লাশি চালিয়ে একটি সাদা শপিং ব্যাগে কসটেপে মোড়ানো ১৬টি ককটেল এবং একটি লাল শপিং ব্যাগে ৪টি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-৫।