Advertisement

ইইউতে পোশাক রপ্তানি বেড়েছে, তবে পুরোটাই স্পেনের বাজারে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

ইইউতে পোশাক রপ্তানি বেড়েছে, তবে পুরোটাই স্পেনের বাজারে
পোশাক রপ্তানির পুরো প্রবৃদ্ধি এসেছে স্পেন থেকে। ফাইল ছবি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি বেড়েছে ২ দশমিক ৭৯ শতাংশ। এ সময়ে রপ্তানি হয়েছে ৬৪৩ কোটি ডলারের পোশাক। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ৬২৬ কোটি ডলারের। তবে এ প্রবৃদ্ধির প্রায় পুরোটাই এসেছে স্পেনের বাজার থেকে।

Advertisement

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যের ভিত্তিতে বাংলাদেশ অ্যাপারেল ভয়েস (বিএভি) সংকলিত পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে।

Advertisement

পরিসংখ্যানে দেখা যায়, চার মাসে স্পেনে পোশাক রপ্তানি বেড়েছে ১৩ দশমিক ৩৬ শতাংশ। রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১৪৪ কোটি ৮০ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় দেশটিতে রপ্তানি বেড়েছে ১৭ কোটি ৬ লাখ ডলার। ইইউতে মোট রপ্তানি বৃদ্ধির পরিমাণ ১৭ কোটি ৪৫ লাখ ডলার। অর্থাৎ মোট প্রবৃদ্ধির প্রায় ৯৮ শতাংশই এসেছে স্পেনের বাজার থেকে।

এ সময়ে জার্মানিতে পোশাক রপ্তানি প্রায় অপরিবর্তিত রয়েছে। দেশটিতে রপ্তানি হয়েছে ১৪৩ কোটি ৯০ লাখ ডলারের, যা আগের বছরের তুলনায় মাত্র শূন্য দশমিক ১ শতাংশ বেশি। ফলে ইইউতে বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় বাজার হিসেবে জার্মানিকে ছাড়িয়ে গেছে স্পেন।

এ ছাড়া নেদারল্যান্ডসে রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৬৮ শতাংশ, যার পরিমাণ ৭৮ কোটি ৪৬ লাখ ডলার। পোল্যান্ডে বেড়েছে ২ দশমিক ৮৫ শতাংশ, যার পরিমাণ ৫৪ কোটি ৫৯ লাখ ডলার। অন্যদিকে ফ্রান্সে রপ্তানি কমেছে ৭ দশমিক ৮৭ শতাংশ। দেশটিতে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৬১ কোটি ১১ লাখ ডলার। ইইউর অন্যান্য দেশ মিলিয়ে রপ্তানি কমেছে ১ দশমিক ৩৪ শতাংশ।

শুধু অক্টোবর মাসে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে ১৫৩ কোটি ডলারের, যা গত বছরের একই মাসের তুলনায় ১ দশমিক ১০ শতাংশ বেশি। এ মাসে জার্মানিতে সবচেয়ে বেশি ৩১ কোটি ৫৭ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। স্পেনে রপ্তানি হয়েছে ২৯ কোটি ৯২ লাখ ডলারের, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৯৫ শতাংশ বেশি।

অক্টোবরে নেদারল্যান্ডসে রপ্তানি বেড়েছে ৭ দশমিক ৬২ শতাংশ। অন্যদিকে ফ্রান্সে কমেছে ১৫ দশমিক ২২ শতাংশ এবং পোল্যান্ডে ৪ দশমিক ৪৯ শতাংশ।

পরিসংখ্যান বলছে, ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির প্রবৃদ্ধি কয়েকটি দেশের ওপর নির্ভরশীল। বিশেষ করে স্পেনের বাজারে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি না হলে চার মাসে ইইউতে রপ্তানি প্রায় স্থবির থাকত।