ইতালির রোমে কারিগরি সমস্যায় আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেই উড়োজাহাজ ঢাকায় এসে পৌঁছেছে। আজ রোববার বেলা সাড়ে ১২টায় ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের উড়োজাহজটি অবতরণ করে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার কানাডার টরন্টো থেকে বিমানের বিজি ৩০৬ ফ্লাইটটি ২৫৯ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। শুক্রবার রোম এয়ারপোর্টে জ্বালানি নিতে যাত্রাবিরতি করলে কারিগরি ত্রুটি ধরা পড়ে। দীর্ঘ ৮ ঘণ্টার চেষ্টায় সেই ত্রুটির সমাধান করতে না পারায় ফ্লাইটটি বাতিল করা হয়। পরে তাদের হোটেল ও এয়ারপোর্ট লাউঞ্জে অবস্থানের ব্যবস্থা নেয় বিমান কর্তৃপক্ষ।
এরপর উড়োজাহাজ মেরামতে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম নিয়ে প্রকৌশল দল শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ১১টার দিকে রোমে পৌঁছায়। পরে উড়োজাহাজটি উড্ডয়নের উপযোগী হলে যাত্রীদের নিয়ে তা দেশের উদ্দেশে যাত্রা করে।