চলতি বছরের অক্টোবর মাসে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বিশেষ উদ্বেগ দেখা গেছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) জানিয়েছে, অক্টোবর মাসে প্রতিমা ভাঙচুর, মন্দির ভাঙচুর ও চুরির ঘটনা ১০টি থেকে বেড়ে ৩৫টিতে পৌঁছেছে–যা ২৫০ শতাংশ বৃদ্ধি। এছাড়া সংখ্যালঘুদের ঘরবাড়ি ভাঙচুর ও হামলায় আহত হওয়ার ঘটনাও ঘটেছে।
আজ শনিবার এমএসএফের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
এমএসএফের তথ্য বলছে, অক্টোবর মাসে মব সহিংসতায় নিহতের সংখ্যা আগের মাসের ২৩ থেকে বেড়ে ৩২ হয়েছে, অর্থাৎ প্রায় ৩৯ দশমিক ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, আহতের সংখ্যা ৭৪ থেকে কমে ৫৪ হয়েছে, যা প্রায় ২৭ দশমিক ৩ শতাংশ হ্রাস।
এসএসএফের প্রতিবেদনে আরও বলা হয়েছে, অক্টোবর মাসে রাজনৈতিক সহিংসতায় আহতের সংখ্যা সেপ্টেম্বরের ৩৮৪ থেকে কমে ৮৮ হয়েছে। তবে উল্টো চিত্র দেখা গেছে নিহতের ক্ষেত্রে। বিএনপি ও আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলসংক্রান্ত ঘটনায় নিহতের সংখ্যা ১ থেকে বেড়ে ৫ হয়েছে। এছাড়া অজ্ঞাত হামলায় নিহতের সংখ্যা ৭ দথেকে বেড়ে ৯ এবং অজ্ঞাত হামলায় আহতের সংখ্যা ৩ থেকে বেড়ে ১০ হয়েছে।
তবে কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা সেপ্টেম্বরের ২৪ থেকে অক্টোবর মাসে ১৬-তে নেমে এসেছে। তাছাড়া অক্টোবর মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যুর কোনো ঘটনা নথিভুক্ত করেনি এমএসএফ। সেপ্টেম্বরে এমন ঘটনা ছিল ১টি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনে আহতের সংখ্যাও সেপ্টেম্বরে ১ থেকে অক্টোবরে শূন্যে নেমেছে। তবে বিশেষ অভিযানের সময় আতঙ্কে মৃত্যুর সংখ্যা ১ থেকে বেড়ে ২ হয়েছে।
অক্টোবরে সাংবাদিকদের ওপর নির্যাতন বা হামলার সংখ্যাও সেপ্টেম্বর থেকে কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সংগঠনটি।
এমএসএফ জানিয়েছে, সবচেয়ে উদ্বেগজনক চিত্র দেখা গেছে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তার ক্ষেত্রে। অক্টোবরে সংখ্যালঘুদের প্রতিমা ও মন্দির ভাঙচুর বা চুরির ৩৫টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এছাড়া সংখ্যালঘুদের ঘরবাড়ি ভাঙচুরের কোনো ঘটনা সেপ্টেম্বরে নথিভুক্ত না থাকলেও অক্টোবরে ২টি ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে সংখ্যালঘু নির্যাতনের অন্যান্য ঘটনার সংখ্যা ৫ থেকে কমে ৩ হয়েছে। জাতিগত নির্যাতনের ক্ষেত্রে সেপ্টেম্বরে ১টি ঘটনা নথিভুক্ত হলেও অক্টোবরের এ ধরনের কোনো সংখ্যা দেওয়া হয়নি।
অন্যদিকে, এমএসএফের প্রতিবেদনে অক্টোবর মাসে মাজারে হামলায় আহত হওয়ার ২টি ঘটনা নথিভুক্ত হয়েছে। সেপ্টেম্বরে এ ধরনের কোনো আহতের ঘটনা ছিল না।
এমএসএফ বলছে, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে কিছু ক্ষেত্রে ঘটনার সংখ্যা কমেছে। রাজনৈতিক সহিংসতায় আহত ব্যক্তি, সাংবাদিকদের ওপর হামলা এবং কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা হ্রাস পেয়েছে। তবে এসব সূচকে হ্রাসকে সামগ্রিক মানবাধিকার পরিস্থিতির উন্নতি হিসেবে বিবেচনা করার যথেষ্ট ভিত্তি নেই। কারণ, একই সময়ে মব সহিংসতায় নিহতের সংখ্যা বেড়েছে, রাজনৈতিক সহিংসতায় প্রাণহানি বৃদ্ধি পেয়েছে এবং ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিমা ও মন্দির ভাঙচুর বা চুরির ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।