Advertisement

৭ ঘণ্টা বন্ধ থাকার পর শরিয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

৭ ঘণ্টা বন্ধ থাকার পর শরিয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু
শরীয়তপুর-চাঁদপুর নৌপথে প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল আবার শুরু হয়েছে। ছবি: ইউএনবি

শরীয়তপুর-চাঁদপুর নৌপথে প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল আবার শুরু হয়েছে। ফেরির সঙ্গে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় এক শিশুর মৃত্যুর ঘটনায় ফেরির মাস্টারকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মচারীরা ধর্মঘট শুরু করলে আজ শনিবার ভোর থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ ছিল।

Advertisement

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

Advertisement

বিআইডব্লিউটিসির কর্মচারীরা হুঁশিয়ারি দিয়েছেন, ছয় ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হওয়া ফেরির মাস্টারকে মুক্তি না দেওয়া হলে শনিবার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করবেন। নরসিংহপুর ফেরিঘাটের বিআইডব্লিউটিসির উপব্যবস্থাপক ইকবাল হোসেন এ কথা নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার ভোর ৪টা থেকে বিআইডব্লিউটিসির কর্মচারীরা ফেরি চলাচল বন্ধ করে দেন। এতে শরীয়তপুর-চাঁদপুর নৌপথের দুই প্রান্তে শতাধিক যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনশ্রমিকেরা।

পরে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ, প্রশাসন ও আন্দোলনরত কর্মচারীদের মধ্যে আলোচনা হয়। এরপর সকাল ১১টার দিকে ফেরি চলাচল আবার শুরু হয়।

বিআইডব্লিউটিসি ও নৌ পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে হরিণাঘাট থেকে ‘কাকলি’ নামের ফেরিটি নরসিংহপুরের উদ্দেশে ছেড়ে যায়। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মেঘনা নদীসংলগ্ন বেড়াচাক্কি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দিলে তরিকুল ইসলাম (১০) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় আরও চার শিশু আহত হয়।

দুর্ঘটনার পর চাঁদপুরের আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা কাকলী ফেরির প্রথম শ্রেণির মাস্টার মোহাম্মদ মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেন।