Advertisement

গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: ইউএনবি থেকে নেওয়া

মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এতে প্রায় এক ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

Advertisement

বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে আজ শনিবার এই খবর জানানো হয়েছে।

Advertisement

আরএমজি শ্রমিকদের জন্য গঠিত ন্যূনতম মজুরি বোর্ড এ পর্যন্ত দুটি বৈঠক করেছে এবং পরবর্তী বৈঠক আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই শ্রমিকরা এই বিক্ষোভ করলেন।

অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, পল্লী বিদ্যুৎ এলাকা ও আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ না দিয়ে নিজ নিজ কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কারখানা থেকে বেরিয়ে এসে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন, ফলে আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভের মধ্যে আশপাশের কয়েকটি কারখানা দিনের জন্য ছুটি ঘোষণা করা হয় বলেও ইউএনবির প্রতিবেদনে জানানো হয়েছে।

পরে প্রায় এক ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল শুরু হয়।

আইনশৃঙ্খলা রক্ষায় শিল্পাঞ্চলগুলোতে শিল্প পুলিশ, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের সুপার মো. আমজাদ হোসেন জানান, শিল্প পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টায় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।