Advertisement

সংরক্ষিত আসন তুলে দিয়ে দলগুলোকে এক-তৃতীয়াংশ নারী প্রার্থী দিতে হবে: স্পিকার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

সংরক্ষিত আসন তুলে দিয়ে দলগুলোকে এক-তৃতীয়াংশ নারী প্রার্থী দিতে হবে: স্পিকার
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা ধীরে ধীরে তুলে দেওয়ার পক্ষে মত দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এর পরিবর্তে রাজনৈতিক দলগুলোকে বাধ্যতামূলকভাবে এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী দেওয়ার বিষয়টি বিবেচনা করার পরামর্শ দিয়েছেন তিনি।

Advertisement

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

Advertisement

নারীদের সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতার প্রসঙ্গ তুলে স্পিকার বলেন, “এখন অনেক যোগ্য নারী রাজনীতিবিদ রয়েছেন। তারা সরাসরি নির্বাচনে অংশ নিয়ে পুরুষ প্রার্থীদেরও পরাজিত করতে সক্ষম। তাই সংরক্ষিত আসনের ব্যবস্থা ধীরে ধীরে তুলে দেওয়া উচিত।”

রাজনৈতিক দলগুলোকে বাধ্যতামূলকভাবে এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী দেওয়ার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে রাজনীতির গুরুত্ব তুলে ধরে স্পিকার বলেন, “রাজনীতি এখন সর্বগ্রাসী। শুধু প্রধানমন্ত্রী, মন্ত্রী বা রাষ্ট্রপতি নন, গ্রামপর্যায়ের একজন রাজনৈতিক কর্মীও চাইলে অনেক মানুষের উপকার করতে পারেন, আবার ক্ষতিও করতে পারেন। তাই রাজনীতি ঠিক হলে দেশও ঠিক হয়ে যাবে।”

সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিবিদদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “সুবিধাবঞ্চিত মানুষের প্রতি রাজনীতিবিদদের আগ্রহ ও দায়বদ্ধতা সব সময় দেখা যায় না। নির্বাচনের সময় এসব মানুষের গুরুত্ব বাড়লেও অন্য সময় সাধারণ মানুষের খোঁজ নেওয়ার প্রবণতা কম। নির্বাচিত হওয়ার পর অনেকেই নিজের সুযোগ-সুবিধা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।”

আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা অংশ নেন। বিভিন্ন দলের মোট ২৫ জন সংসদ সদস্য এই ককাসের সদস্য। অনুষ্ঠানে পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধি, উন্নয়নকর্মী ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।