Advertisement Banner

উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর: রিমান্ডে ১১

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর: রিমান্ডে ১১
রিমান্ডের আসামি। ছবি: বাসস

রাজধানীর উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ১১ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন।

জড়িত সন্দেহে ১১ জনকে তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের আসামিরা হলেন- মনির আলম, মজিবর রহমান, হৃদয়, মঞ্জুরুল, মহব্বত আলী, শাহ পরান, শাকিল, রশিদুল ইসলাম ওরফে আ. রশিদ, সাজু, লিটন এবং জিহাদ।

পুলিশ জানায়, ১৫ মার্চ রাতে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ রোডে অবস্থিত ‘উত্তরা স্কয়ার শপিং কাম কমার্শিয়াল কমপ্লেক্স’-এর সামনে এক রিকশাচালক ও নিরাপত্তারক্ষীর মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রিকশাচালক ও তার সহযোগীরা নিরাপত্তারক্ষীসহ কমপ্লেক্সের কর্মীদের ওপর হামলা চালায়।

পরবর্তীতে ঘটনাটি কেন্দ্র করে গুজব ছড়িয়ে পড়ে এবং প্রায় ৬০০ থেকে ৭০০ জনতা লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে কমপ্লেক্সে হামলা চালায়। হামলাকারীরা ভবনের নিচতলা ও দোতলার গ্লাস ভাঙচুর করে।

এর মধ্যে ‘খাজানা ভ্যারাইটিজ স্টোর’ থেকে প্রায় ১০ লাখ টাকার মালামাল এবং ‘কে জেড ইমিটেশন জুয়েলারি’ দোকান থেকে প্রায় ৫ লাখ টাকার গয়না লুট করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং সড়কে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় গতকাল সোমবার কমপ্লেক্সটির ইলেকট্রিশিয়ান আরিফুল ইসলাম বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন।

সম্পর্কিত