বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই করে এখন পর্যন্ত ৬ হাজার ৪৭৬ জন বীর মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। বর্তমানে দেশে ভাতাভোগী মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৬ হাজার ৫৩৬ জন।
আজ বুধবার জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মশিউর রহমান খানের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর পর্বে এ আলোচনা হয়।
মন্ত্রী জানান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা প্রস্তুত এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরির কাজ সরকার অগ্রাধিকার ভিত্তিতে করছে।
নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর প্রশ্নের জবাবে আহমেদ আযম খান বলেন, “রাজাকার, আলবদর, আলশামস ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের তালিকা তৈরির বিষয়টি পরবর্তী সময়ে বিবেচনা করা হবে।”
মুক্তিযোদ্ধাদের তালিকা নির্ভুল করার বিষয়ে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “এ লক্ষ্যে সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে একাধিক গোলটেবিল বৈঠক হয়েছে। আরও বৈঠক ও সভার আয়োজন করে সেখান থেকে পাওয়া সুপারিশের ভিত্তিতে মুক্তিযোদ্ধা ও শহীদদের সঠিক তালিকা প্রণয়নের কার্যকর পদ্ধতি নির্ধারণ করা হবে।।”
একই বিষয়ে সংসদ সদস্য মারদিয়া মমতাজের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জানান, গোলটেবিল বৈঠকের সুপারিশের ভিত্তিতে নির্ভুল তালিকা তৈরির কৌশল নির্ধারণ করা হবে। সরকারের বিশ্বাস–এর মাধ্যমে নিরপেক্ষ ও গবেষণাভিত্তিক তালিকা প্রস্তুত করা সম্ভব হবে।”
বাসনের দ্বিতীয় পর্যায় আগামী বছর
অন্যদিকে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন সুবিধা বাড়াতে নতুন প্রকল্প নেওয়ার উদ্যোগের কথা জানিয়েছেন মন্ত্রী আহমেদ আযম খান। সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়ে একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে আরও ২৫ হাজার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য আবাসনের ব্যবস্থা করা সম্ভব হবে।”
আহমেদ আযম খান বলেন, “আগের পর্যায়ে জমির মালিকানা নিয়ে জটিলতার কারণে অনেক যোগ্য মুক্তিযোদ্ধা আবাসন সুবিধা পাননি। এ ধরনের সমস্যা এড়াতে নিজস্ব নির্ধারিত জমি রয়েছে–এমন প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করে তালিকাভুক্ত করা হচ্ছে। এতে নির্ধারিত জমিতে বাড়ি নির্মাণ এবং প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সুবিধা পৌঁছানো সম্ভব হবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর থেকে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করা যাবে।”
৫ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা সহায়তা
মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসহায়তার বিষয়ে মন্ত্রী জানান, নীতিমালা অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগীরা উপজেলা পর্যায়ের হাসপাতালে বছরে সর্বোচ্চ ১০ হাজার, জেলা পর্যায়ে ২০ হাজার এবং বিভাগীয় পর্যায়ে ৩০ হাজার টাকার চিকিৎসা সহায়তা পান। বিশেষায়িত হাসপাতালে সাধারণ রোগের চিকিৎসায় বছরে সর্বোচ্চ এক লাখ টাকা এবং জটিল রোগের চিকিৎসায় পাঁচ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়।
বীর মুক্তিযোদ্ধাদের স্ত্রী বা স্বামীর চিকিৎসার ক্ষেত্রেও সহায়তার ব্যবস্থা রয়েছে বলেও জানানো হয় সংসদে। আহমেদ আযম খান জানান, উপজেলা পর্যায়ে বছরে সর্বোচ্চ ১০ হাজার, জেলা পর্যায়ে ২০ হাজার এবং বিভাগীয় পর্যায়ে ৩০ হাজার টাকা দেওয়া হয়। বিশেষায়িত হাসপাতালে সাধারণ রোগের চিকিৎসায় সর্বোচ্চ ৫০ হাজার এবং জটিল রোগের চিকিৎসায় দুই লাখ টাকা পর্যন্ত সহায়তা পাওয়া যায়। মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা ও সামাজিক নিরাপত্তা সুবিধা আরও সম্প্রসারণের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।
এদিকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ এবং তরুণ প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দিতে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “জাদুঘরে গ্রন্থাগারের ব্যবস্থাও রয়েছে। এ ছাড়া মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান সংরক্ষণ এবং মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এসব জাদুঘর স্থানীয় পর্যায়ে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের সংগ্রহশালা হিসেবে ব্যবহৃত হচ্ছে।”