বিএনপি প্রত্যেকটি বিষয়ে ‘পতিত, পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের’ রাস্তা ধরে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।
শাহবাগে ছাত্রদল-শিবিরের মধ্যে মারামারির ঘটনা উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেছেন, ‘বার্তা পরিষ্কার।’
আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘গণভোটের গণরায়’ বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশে জামায়াত আমির এ কথা বলেন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ওই সমাবেশের আয়োজন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় শাহবাগ থানায় ডাকসুর প্রতিনিধিদের ওপর হামলার ঘটনার উল্লেখ করেন জামায়াত আমির বলেন, ‘‘আমরা বিএনপিকে পরিষ্কার বলে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি, সম্প্রতি কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমনকি এখান থেকে মাত্র কয়েক গজ দূরে মানুষের আশ্রয়ের জায়গা, আইনের আশ্রয়ের জায়গা থানা। সেই থানার ভিতরে ঢুকে দুঃখজনকভাবে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের উপরে হামলা করা হয়েছে। বার্তা পরিষ্কার, যেদিন তারা গণভোটের রায় অস্বীকার করেছেন, আমি বলেছিলাম। বিএনপি আজকে থেকে ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করল। এটা ফ্যাসিবাদ।”
দলীয় সংসদ সদস্য মাসুম মোস্তফার ওপরে হামলার প্রসঙ্গ তুলে শফিকুর বলেন, ‘‘গতকাল আপনারা দেখেছেন, নেত্রকোণায় জাতীয় সংসদের নির্বাচিত সদস্য, জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্বকারী, জনগণের প্রতিনিধিত্বকারী অধ্যাপক মাসুম মোস্তফার ওপরে হামলা করা হয়েছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে। এটা কোন বাংলাদেশ? এই বাংলাদেশ কি আপনারা চেয়েছিলেন?
বিএনপির উদ্দেশে বিরোধী দলীয় নেতা শফিকুর বলেন, “হাজার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ হতে পারবেন না। দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। সেই আওয়ামী লীগ যারা জাতিকে নিয়ে, বিরোধী দলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করত। আজকে তারা কোথায়? আপনারাও একই কাজ শুরু করেছেন।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ ১১ দলীয় জোটের নেতারা।