রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অস্থিতিশীল ও বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ২৭ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার রাতে পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম আসামিদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেন।
ঘটনার সুষ্ঠু তদন্ত, নাম-ঠিকানা যাচাই ও মূল রহস্য উদঘাটনের স্বার্থে তাদের জেলহাজতে আটকে রাখার আবেদন জানানো হলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।
আদালতে পেশ করা প্রতিবেদনে পুলিশ জানায়, গতকাল শনিবার বিকেলে আইনশৃঙ্খলা ডিউটিতে নিয়োজিত থাকাকালে খবর আসে যে, জাসদ কার্যালয়ের ভেতরে একদল লোক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই উপস্থিতির কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। আসামিরা কোনো ধর্তব্য অপরাধের সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে আসামিদের আদালতের হাজত খানায় আনা হয়। পরে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত আবেদনটি শুনানির অপেক্ষায় রেখে আগামীকাল সোমবার শুনানির দিন ধার্য করেন।