Advertisement

বগুড়ায় ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বগুড়ায় ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩
প্রতীকী ছবি: চরচা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

Advertisement

আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উড়ালসড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা ইউএনবির।

নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন বগুড়ার শেরপুর উপজেলার রামচন্দ্রপুর এলাকার আনন্দ সরকারের ছেলে তাপস সরকার এবং তার ছেলে তীব্র সরকার। আহত নূর ইসলামের বাড়ি দিনাজপুরের বিরামপুর এলাকায়। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শহরের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কার্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন।

Advertisement

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার ভোরে ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ট্রাকের চাকা বিকল হয়ে যায়। চালক ও সহকারী ট্রাকটির চাকা মেরামতের চেষ্টা করছিলেন। পরে সাড়ে ৭টার দিকে রংপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে জোরে ধাক্কা দেয়। এতে রংপুরগামী ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করা হয়। ট্রাকের কেবিন সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যাওয়ায় মরদেহ বের করতে বেগ পেতে হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা কেবিনের ভেতর থেকে হতাহত দুইজনকে উদ্ধার করেন।

সদর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর মোর্শেদ জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন ও মালামাল সড়ক থেকে সরানোর কাজ চলছে। নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।