গৃহস্থালিতে নারীর কাজের আর্থিক মূল্য জিডিপির ১৬ দশমিক ১৪ শতাংশ। টাকার হিসাবে যা প্রায় সাত লাখ কোটি টাকা। সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে স্বীকৃতির পথ লিঙ্গ সমতার দিকে প্রথম পদক্ষেপ শীর্ষক এক সংলাপে এ তথ্য উপস্থাপন করা হয়। নারীর গৃহস্থালির ‘অবৈতনিক’ কাজকেও জিডিপির হিসাবে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে ‘মানুষের জন্য’ ফাউন্ডেশন।
সংলাপে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, কর্মক্ষেত্রে ব্যবস্থাপনার দিক দিয়ে পুরুষদের চেয়ে নারীরা বেশি সক্ষম। তিনি আরও বলেন, কর্মক্ষেত্রে নারীরা যেন তাদের সন্তান রাখতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নতুন প্রজন্মের নারীদের প্রতি সম্মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন পরিকল্পনা উপদেষ্টা। তিনি মনে করেন নারীর গৃহস্থালির কর্মের কারণেই দেশ উন্নয়ন সূচকে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। গণপরিবহনে ৬০ শতাংশ নারী হেনস্তার স্বীকার হন, যা উদ্বেগের।