ads

যুক্তরাষ্ট্রকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি ইরানের

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
যুক্তরাষ্ট্রকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি ইরানের
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতাবা খামেনি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তিকে সম্পূর্ণ ‘মূল্যহীন এবং অবৈধ’ বলে ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ওয়াশিংটন চুক্তির শর্ত বারবার লঙ্ঘন করেছে এমন অভিযোগ এনে গতকাল শনিবার এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন মোজতবা খামেনি।

বিবৃতিতে খামেনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ বলে উল্লেখ করে মোজতবা বলেন, ‘‘এখন যেহেতু আমেরিকান শত্রুরা যুদ্ধ উসকে দিতে চাইছে এবং এর সবচেয়ে গুরুতর পরিণতি ভোগ করতে যাচ্ছে, তাদের জানা উচিত যে প্রিয় ইরানি জাতি এবং প্রতিরোধ অক্ষ (অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স) তাদের দেওয়ার জন্য এক অবিস্মরণীয় শিক্ষা তৈরি রেখেছে।’’

Advertisement

তিনি আরও বলেন, ‘‡এই চুক্তি লঙ্ঘনের মাধ্যমে আমেরিকা তার আসল ও মুখোশহীন চেহারা উন্মোচন করেছে, যা তাদের অসৎ, অযৌক্তিক, অবিশ্বস্ত এবং ক্ষতিকারক প্রকৃতিরই প্রমাণ।’’ জুলুম, সর্বগ্রাসী মনোভাব এবং নির্মমতা মার্কিন নীতির অবিচ্ছেদ্য অংশ বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে শনিবার সকালে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, চলতি মাসে মার্কিন হামলায় ইরানে অন্তত ৫০ জন নিহত এবং ৫০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। এই ঘটনার পর ইরান অন্তর্বর্তী চুক্তির সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছে। তিনি স্পষ্ট করেন, আমেরিকা প্রতিশ্রুতি ভঙ্গ করায় ইরানও এখন আর চুক্তি মানছে না।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবার ভোররাত পর্যন্ত টানা সপ্তম রাতের মতো তারা ইরানে বিমান হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, তাদের এই হামলায় ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক লজিস্টিক অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রাগার এবং সামুদ্রিক সক্ষমতার ওপর আঘাত হানা হয়েছে।

বর্তমানে এই সংঘাতের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হরমুজ প্রণালি। বিশ্বের মোট অপরিশোধিত তেলের এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এর নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের লড়াই এখন তীব্র আকার ধারণ করেছে।

সম্পর্কিত