ads

স্থানীয় নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত ইসি ও আদালতের: রিজভী

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
স্থানীয় নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত ইসি ও আদালতের: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ছবি: চরচা

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অংশগ্রহণের বিষয়টি আদালত এবং নির্বাচন কমিশন (ইসি) নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘‘এবারের নির্বাচন দলীয় ভিত্তিতে হচ্ছে না। সে ক্ষেত্রে কে নির্বাচন করবে বা করবে না, তা মূলত আদালত ও নির্বাচন কমিশনের বিষয়। প্রচলিত আইন এবং নতুন বিধিমালা অনুযায়ী কারা নির্বাচনে অংশ নিতে পারবেন তা তদারকির দায়িত্ব ইসির। অন্য রাজনৈতিক দল কী বলল, তা এখানে বিবেচ্য নয়।’’

Advertisement

গত ৩০ জুন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অংশগ্রহণের সুযোগ না রেখে বিধি সংশোধনের প্রস্তাব করেছিল জামায়াতে ইসলামী। এর আগে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের খসড়া আচরণ বিধিমালা সংশোধন করে তার ওপর মতামত আহ্বান করে ইসি।

স্থানীয় নির্বাচনে বিএনপি কোনো প্রার্থীকে সমর্থন দেবে কি না—এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘‘যেহেতু নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না, তাই প্রার্থিতা বা সমর্থনের বিষয়টি পরবর্তী সময়ে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম থেকে জানানো হবে। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’’

আগামী অক্টোবরে স্থানীয় সরকারের কয়েকটি স্তরে নির্বাচন করতে চায় ইসি। এ জন্য আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হতে পারে। শুরুতে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি।

দলের কাউন্সিল নিয়ে রিজভী জানান, এ বিষয়ে দলের পক্ষ থেকে আগেই ঘোষণা দেওয়া হয়েছে। দলের চেয়ারম্যান ও মহাসচিবও কাউন্সিলের ব্যাপারে জানিয়েছেন। তবে সুনির্দিষ্ট তারিখ বা মাস এখনো চূড়ান্ত হয়নি। খুব দ্রুতই কাউন্সিল হবে এবং সময় নির্ধারিত হলে তা জানিয়ে দেওয়া হবে।

সম্পর্কিত