রাজনৈতিক দল হিসেবে বার্ষিক আয়-ব্যয়ের নিরীক্ষিত প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দিয়েছে বিএনপি।
দলটির হিসাব অনুযায়ী, সর্বশেষ অর্থবছরে তাদের মোট আয় দাঁড়িয়েছে ২২ কোটি ২৬ লাখ টাকা এবং ব্যয় হয়েছে ১৫ কোটি ১৯ লাখ টাকা। এতে বর্তমানে দলীয় তহবিলে উদ্বৃত্ত রয়েছে ৬ কোটি ৭ লাখ টাকা।
আজ রোববার দুপুর ১২টার পর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিএনপির একটি প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন জমা দেয়। জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলে ছিলেন দলের কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এবং সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন। তারা নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেনের কাছে নিরীক্ষিত বার্ষিক আর্থিক প্রতিবেদন হস্তান্তর করেন।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নিবন্ধিত প্রতিটি রাজনৈতিক দলকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে পূর্ববর্তী পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের নিরীক্ষিত হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। টানা তিন বছর এই হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।