Advertisement

আশুলিয়ায় অন্তত ৫০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

আশুলিয়ায় অন্তত ৫০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
ফাইল ছবি

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের মধ্যে আশুলিয়ায় অন্তত ৫০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার সকালে বিভিন্ন শিল্পাঞ্চলে কারখানাগুলোর সামনে বন্ধের নোটিশ টাঙানো দেখা গেছে।

Advertisement

তবে সার্বিকভাবে সাভার ও আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক ছিল। বেশিরভাগ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেন। চালু কারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিকভাবেই চলছিল।

Advertisement

ঢাকার শিল্প পুলিশ-১ এর সুপারিনটেনডেন্ট মুমিনুল ইসলাম ভূঁইয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছেন, সকালে বেশিরভাগ শ্রমিক কারখানায় প্রবেশ করে কাজ শুরু করেছেন। ওই কারখানাগুলোতে কোনো কর্মবিরতি বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মুমিনুল ইসলাম জানান, কয়েকটি কারখানার কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারায় কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা কাজে যোগ দেননি।

আইনশৃঙ্খলা রক্ষায় কারখানাগুলোর সামনে শিল্প পুলিশ, ঢাকা জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ নিয়ে দায়ের করা মামলায় এ পর্যন্ত ১৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সাভার থানা পুলিশ ৭২ জন এবং আশুলিয়া থানা পুলিশ ৬০ জনকে গ্রেপ্তার করেছে।

সূত্রগুলো জানায়, আন্দোলনে অংশ নেওয়া অনেক শ্রমিক গত মাসের বকেয়া মজুরিও দাবি করছিলেন।

আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে কার্যাদেশ থাকলেও চলমান অসন্তোষের কারণে কারখানা মালিকরা উৎপাদন বজায় রাখতে এবং সময়মতো পণ্য সরবরাহ করতে হিমশিম খাচ্ছেন।