Advertisement

পুলিশের ইউনিফর্ম পরে টিকটক করলেন স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

পুলিশের ইউনিফর্ম পরে টিকটক করলেন স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

পুলিশের ইউনিফর্ম পরে স্ত্রী সিমা খাতুনের টিকটক ভিডিও তৈরির অভিযোগে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত কনস্টেবল সাইফুজ্জামানকে (স্বামী) তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।

Advertisement

আরএমপি কমিশনার ড. মো. জিললুর রহমানের নির্দেশে আজ বৃহস্পতিবার রাতে তাকে থানা থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

ঘটনার সূত্রপাত হয় কনস্টেবল সাইফুজ্জামানের স্ত্রী সিমা খাতুনের একটি টিকটক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর। ভিডিওতে দেখা যায়, তিনি পুলিশের ইউনিফর্ম পরে আপত্তিকর ও অপেশাদার ভঙ্গিতে ভিডিও ধারণ ও প্রচার করছেন।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ আলী নিজে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। তদন্তে পুলিশের পোশাকের অপব্যবহারের সত্যতা পাওয়া যায়।

Advertisement

পুলিশ সূত্র জানায়, সাইফুজ্জামান দাবি করেন সিমা খাতুন তার দ্বিতীয় স্ত্রী। তবে তাদের মধ্যে বৈধ বিয়ের কোনো কাবিননামা বা নথিপত্র উপস্থাপন করতে পারেননি। পুলিশের পোশাক কোনোভাবেই সাধারণ ব্যক্তির ব্যবহারের অনুমতি নেই–এটি গুরুতর শৃঙ্খলাভঙ্গ ও ফৌজদারি অপরাধ বলেও জানানো হয়।

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, সরকারি পোশাক অননুমোদিতভাবে ব্যবহারের মাধ্যমে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, পুলিশের ইউনিফর্ম ব্যবহার করে প্রতারণার অভিযোগে সিমা খাতুনের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।