Advertisement

পাচার হওয়া অর্থ ফেরাতে অগ্রগতি হয়েছে: বাংলাদেশ ব্যাংক

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

পাচার হওয়া অর্থ ফেরাতে অগ্রগতি হয়েছে: বাংলাদেশ ব্যাংক
পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়ে জানাতে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন। ছবি: চরচা

বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের উদ্যোগে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার সংবাদ সম্মেলনে স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গণি চৌধুরী এ কথা বলেন।

Advertisement

তবে কত টাকা উদ্ধারের পথে রয়েছে কিংবা কোন মামলায় কতটুকু অগ্রগতি হয়েছে, তা প্রকাশ করা হয়নি।

Advertisement

কেন্দ্রীয় ব্যাংকের দাবি, মামলার গোপনীয়তা রক্ষা এবং পাচারকারীদের সতর্ক হওয়ার সুযোগ না দিতেই এসব তথ্য প্রকাশ করা হচ্ছে না।

ফরহানুল গণি চৌধুরী বলেন, “বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধার দীর্ঘমেয়াদি ও জটিল প্রক্রিয়া। আন্তর্জাতিক আইন ও বিচারব্যবস্থার ওপর নির্ভরশীল হওয়ায় এতে নানা চ্যালেঞ্জ রয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারাবাহিক প্রচেষ্টা ও কৌশলগত পরিবর্তনে নতুন আশার সঞ্চার হয়েছে।”

তিনি বলেন, “আন্তর্জাতিক চর্চা অনুযায়ী- ফৌজদারি কার্যধারায় পাচার হওয়া অর্থ ফেরত আনতে সাধারণত পাঁচ থেকে ১০ বছর এবং দেওয়ানি কার্যধারায় তিন থেকে পাঁচ বছর সময় লাগে। বিদেশে পাচার হওয়া সম্পদ ফেরাতে সংশ্লিষ্ট দেশের আদালতে অর্থের অবৈধ উৎস ও পাচারের বিষয়টি প্রমাণ করতে হয়। চূড়ান্ত রায়ের পরই সম্পদ দেশে ফিরিয়ে আনা সম্ভব।”

ফরহানুল গণি চৌধুরী বলেন, “২০২৪ সালের অক্টোবরে অ্যাসেট রিকভারি টাস্কফোর্স গঠনের মধ্য দিয়ে এ উদ্যোগ শুরু হয়। প্রথম পর্যায়ে ব্যাংক খাতের বড় ঋণখেলাপি ও সংশ্লিষ্ট ফৌজদারি মামলাগুলোকে গুরুত্ব দেওয়া হয়। গত বছরের আগস্টে দ্বিতীয় পর্যায়ে আরও প্রায় ২০টি বড় মামলা যুক্ত করা হয়। এর মধ্যে ২০০ কোটি টাকার বেশি ঋণখেলাপির মামলা এবং বিদেশে পালিয়ে যাওয়া ব্যাংক মালিকদের মাধ্যমে পাচার হওয়া অর্থ উদ্ধারের বিষয় রয়েছে।”

তিনি বলেন, “বর্তমানে ফৌজদারি মামলার পাশাপাশি দেওয়ানি কার্যধারাতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কাজে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও বিদেশি ল ফার্মের সহযোগিতা নেওয়া হচ্ছে। পাচারকারীরা যাতে সম্পদ অন্যত্র সরিয়ে নিতে না পারে, সে জন্য বিদেশের আদালতের মাধ্যমে শুরুতেই সম্পদ জব্দ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

ফরহানুল গণি চৌধুরী বলেন, “চলমান মামলার তথ্য আগাম প্রকাশ করলে পাচারকারীরা সতর্ক হয়ে সম্পদ লুকানোর নতুন কৌশল নিতে পারে। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গোপনীয়তা রক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ।”

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ ফিরিয়ে আনার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে মামলার কৌশলগত গোপনীয়তা ও আইনি লড়াইয়ের স্বার্থে সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়।”