Advertisement

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

আসন্ন ঈদ উপলক্ষে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সারওয়ার।

Advertisement

আজ বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঈদের সময় রাজধানীর অনেক মানুষ নিজ নিজ জেলায় চলে যান। এ সময়ে যাতে ছিনতাই, চুরি, অজ্ঞান বা মলম পার্টির তৎপরতাসহ কোনো ধরনের অপরাধ সংঘটিত না হয়, সে জন্য পুলিশ সদস্যদের সজাগ থাকতে হবে।

তিনি জানান, ঈদযাত্রাকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে রাজধানীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

Advertisement

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) এস এন মো. নজরুল ইসলাম আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ঈদযাত্রার সময় গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, কমলাপুর ও সদরঘাটসহ প্রধান বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে নজরদারি জোরদার করতে হবে। পাশাপাশি ছুটিকালে বিটভিত্তিক টহল বাড়িয়ে শহরের প্রতিটি এলাকায় পুলিশের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

তিনি আরও নির্দেশ দেন, ঈদের বাজার ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা সচল আছে কি না তা পর্যবেক্ষণ করতে হবে।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ফেব্রুয়ারি মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় অবদান রাখায় ডিএমপির বিভিন্ন কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

সভায় ডিএমপির বিভিন্ন ইউনিটের অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ সকল থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।