দেশের ছয়টি শিল্পাঞ্চলে শ্রমিকদের চিকিৎসার জন্য ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, ঢাকার সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলোতে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।
আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পরিকল্পনার কথা জানান। সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাব দেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রধানমন্ত্রী বলেন, “শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। সে লক্ষ্যেই দেশের গুরুত্বপূর্ণ ছয়টি শিল্পাঞ্চলে একটি করে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তারেক রহমান বলেন, “বাংলাদেশের মোটামুটি যে শিল্পাঞ্চলগুলো আছে যেমন, টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রাম— প্রাথমিকভাবে আমরা এই ছয়টি জায়গায় ১০০ শয্যার একটি করে হাসপাতাল তৈরি করব। এগুলো শুধুমাত্র আমাদের শ্রমিক ভাইদের চিকিৎসাসেবা প্রদান করবে।”
সংসদে দেশের সামগ্রিক চিকিৎসাব্যবস্থা ও শিল্প খাতের পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, আগের সরকারের সময়ে জ্বালানি, শিল্প ও চিকিৎসা খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের খনিজ সম্পদের যথাযথ ব্যবহার না করে জ্বালানি খাতকে আমদানি নির্ভর করা হয়েছে।
তারেক রহমান বলেন, “অতীতে এমন নীতি নেওয়া হয়েছিল, যার কারণে দেশের শিল্পের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। চিকিৎসাব্যবস্থাও ধীরে ধীরে দুর্বল করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাসেবার যে অগ্রগতি হয়েছিল, তা নষ্ট হয়ে গেছে।”
প্রধানমন্ত্রীর ভাষ্য, দেশের চিকিৎসাব্যবস্থার এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে মানুষকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হতো।
প্রধানমন্ত্রী বলেন, “বর্তমান সরকার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত। তাই শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।”
তারেক রহমান আরও বলেন, “এর আগে সংসদের একটি অধিবেশনে বিরোধীদলীয় নেতাও দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।”