Advertisement

উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার
জাতীয় সংসদের শপথ কক্ষে আয়োজিত এক ওরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তব্য রাখেন স্পিকার। ছবি : বাসস

সরকারের উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করা আইনপ্রণেতাদের সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

Advertisement

আজ মঙ্গলবার জাতীয় সংসদের শপথ কক্ষে ইউএনডিপি কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেংথেনিং ইনস্টিটিউশন, পলিসিস এন্ড সার্ভিসেস (এসআইপিএস) শীর্ষক প্রকল্পের আওতায় ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ শীর্ষক ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement

হাফিজ উদ্দিন আহমদ বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ একটি কার্যকর সংসদ। এই সংসদের সংসদ সদস্যগণ খুবই দক্ষ ও প্রশিক্ষিত। বিভিন্ন পেশার স্বনামধন্য ব্যক্তি জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংসদে নির্বাচিত হয়ে এসেছেন।”

স্পিকার বলেন, “সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি যেমন বেড়েছে, তেমনি প্রকল্পের বাস্তবায়নের কারিগরি ও অন্যান্য সংশ্লিষ্ট জটিলতাও বেড়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় সম্পৃক্ত থেকে সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব।”

হাফিজ উদ্দিন আহমদ বলেন, “সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম এবং সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যের সামঞ্জস্য খুঁজে বের করতে হবে। সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তিনি বলেন, উন্নয়ন প্রকল্প সঠিক সময়ে বাস্তবায়ন করার পাশাপাশি প্রকল্পের গুণগত মান বৃদ্ধি করে উন্নয়ন তৎপরতা অব্যাহত রাখতে হবে।”

স্পিকার বলেন, “আওয়ামী লীগ বিগত ১৫ বছর প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছে। ভোট জালিয়াতি, অর্থপাচার এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে স্বৈরাচারী সরকার আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করেছে।”

হাফিজ উদ্দিন আহমদ বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পের সহযোগী হিসেবে ইউএনডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।