বরিশালের কীর্তনখোলা নদীতে নোঙর করা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’ এর সামনের ক্রেনের (বুম) একটি অংশ ভেঙে পড়েছে। এতে সংস্থাটির ড্রেজার বেইজের একটি বার্জ (পন্টুন) ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়া ক্রেন তুলতে নারায়ণগঞ্জ থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছে আরেক উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর মুক্তিযোদ্ধা পার্ক-সংলগ্ন বিআইডব্লিউটিএর ঘাটে এ ঘটনা ঘটে।
সাপ্তাহিক মহড়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে সকালে ক্রেন পরিচালনার কাজ চলছিল। ধীরে ধীরে ক্রেন নামানোর সময় হঠাৎ যান্ত্রিক ও কারিগরি ত্রুটিতে এর সামনের একটি অংশ ভেঙে পড়ে। তবে ঠিক কী কারণে এমনটা হলো, তা তাৎক্ষণিকভাবে দায়িত্বশীল কেউ নিশ্চিত করতে পারেনি।
‘নির্ভীক’-এর মাস্টার মো. আলমগীর হোসেন বলেন, ‘‘প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও নিয়মিত কাজ চলছিল। ক্রেন নামানোর সময় হঠাৎ কারিগরি ত্রুটি দেখা দেয়। কীভাবে এমন হলো, আমাদেরও জানা নেই।’’ তিনি জানান, ঘটনার সময় জাহাজের একজন স্টাফ আতঙ্কে জ্ঞান হারান, তিনি এখন সুস্থ আছেন।
জাহাজটির কমান্ডার আব্দুল্লাহ আল বাকী বলেন, ভেঙে পড়া ক্রেন উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে। এ জন্যই নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ রওনা দিয়েছে।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সেলিম মিয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কেউ হতাহত হননি। ক্রেন ভেঙে পড়ায় একটি বার্জ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজ চলছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। তিনি জানান, জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ আলাদা তদন্ত কমিটি গঠন করবে। প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে।
২০১৩ সালে ‘নির্ভীক’ বরিশালের কীর্তনখোলা তীরে বিআইডব্লিউটিএর ঘাটে স্থানান্তর করা হয়। ২৫০ টন ধারণক্ষমতার এ জাহাজ বড় ধরনের দুর্ঘটনা ছাড়া সাধারণত চলাচল করে না।