ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দুই প্রার্থীসহ ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল হাসান বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেন।
তালিকায় বিএনপির দুই প্রার্থী হিসেবে রয়েছেন ওবায়দুল্লাহ মাসুদ ও মির্জা ফয়সাল আমীন। গত রোববার ঠাকুরগাঁও-১ (সদর-রুহিয়া-ভূল্লী) আসনে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন জমা দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমীন এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ। তাদের মধ্যে একজনকে চূড়ান্ত প্রার্থী করবে বিএনপি।
অন্য বৈধ প্রার্থীরা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
গত ২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এরপর ১০ সেপ্টেম্বর এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। ৬ অক্টোবর আপিল নিষ্পত্তি করবে ইসি।
প্রার্থীরা ৭ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ৮ অক্টোবর প্রতীক বরাদ্দের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ হবে।
ইসির তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন। ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি ভোটকক্ষে ভোট নেওয়া হবে।