বরিশালে সন্ত্রাসবিরোধী মিছিল চলাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জি এম মনির হোসেন (৫৪) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর কাটপট্টি রোড এলাকায় মিছিল চলাকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জি এম মনির হোসেন বরিশাল মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নগরীর রোকেয়া আজিম সড়কের বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।
বরিশাল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু জানান, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে বরিশাল জেলা ও মহানগর যুবদল পৃথক সমাবেশ ও মিছিলে অংশ নেয়। নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হল সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় কাটপট্টি এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান মনির হোসেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনির হোসেনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান এবং মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।
এর আগে কর্মসূচির অংশ হিসেবে মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাকসুদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন এবং দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীনসহ অন্য নেতারা সমাবেশে বক্তব্য দেন। নেতারা যেকোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাস প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।