রাজশাহীতে পুলিশের বিশেষ তল্লাশি চলাকালে সিগন্যাল অমান্য করে পালানোর সময় এক পুলিশ সদস্যকে চাপা দেওয়ার চেষ্টার অভিযোগে এক কিশোরকে (১৭) গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার বিকেলে রাজশাহী মহানগরীর কাটাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে গতকাল শনিবার বিকেলেমতিহার থানার মৌলভী বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত শুক্রবার বিকেল ৫টার দিকে কাটাখালী থানা পুলিশের একটি চেকপোস্টে দুই মোটরসাইকেলের আরোহীকে তল্লাশির জন্য পুলিশ সিগন্যাল দেয়। তবে তারা সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে পুলিশ সদস্যকে চাপা দেওয়ার চেষ্টা করে পালিয়ে যায়। এ ঘটনায় কাটাখালী থানায় দণ্ডবিধি ও সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা করা হয়।
মামলা দায়েরের পর কাটাখালী থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের স্থান শনাক্ত করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “অনভিপ্রেত ঘটনাটি ঘটার পরপরই আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় আসামিদের পরিচয় শনাক্ত করি। দ্রুততম সময়ের মধ্যে ঘটনায় জড়িত মূল অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।”
মনিরুজ্জামান আরও বলেন, ওই কিশোরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পলাতক অপর সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।