Advertisement

গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
নারীর গোপন ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার। ছবি: ইউএনবি।

বরিশালের উজিরপুরে গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তারের পর উজিরপুর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের এক যুগ্ম আহ্বায়ককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। খবর বার্তা সংস্থা ইউএনবির।

Advertisement

অভিযুক্ত বায়েজিদ মিঠুকে গত শনিবার রাতে পৌর এলাকায় একটি বাড়ির বাথরুমের ভেন্টিলেটর দিয়ে এক নারীর ব্যক্তিগত মুহূর্ত গোপনে ভিডিও ধারণের চেষ্টার সময় হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় লোকজন। পরে তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement

এ ঘটনায় পুলিশ তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে। গতকাল রোববার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এছাড়া এসব ভিডিও ব্যবহার করে নারীদের ব্ল্যাকমেল করা এবং অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করার চেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

নাম প্রকাশ না করার শর্তে তিন প্রত্যক্ষদর্শী জানান, শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় প্রতিবেশী এক নারী বাথরুমে যান।

বায়েজিদ বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে গোপনে ওই নারীর ভিডিও ধারণের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে ওই নারী চিৎকার করে সাহায্য চান। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে বায়েজিদকে ধরে ফেলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বায়েজিদের সঙ্গে থাকা মুঠোফোনে নারীদের গোপনে ধারণ করা একাধিক ভিডিও পাওয়া যায়। এ সময় ক্ষুব্ধ স্থানীয় লোকজন তাকে মারধর করে।

খবর পেয়ে উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বায়েজিদকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশের বরাত দিয়ে ইউএনবি জানায়, বায়েজিদের মুঠোফোনের দুটি গ্যালারিতে অসংখ্য পর্নোগ্রাফিক ভিডিও পাওয়া গেছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, বায়েজিদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।