চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন ফরাসি রসায়নবিদ হেনরি কাগন এবং জাপানি রসায়নবিদ কেনসো সোয়াই।
আজ বুধবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে রসায়নের ওই দুই নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স বলেছে, জৈব রাসায়নিক বিক্রিয়ায় অরৈখিক প্রভাব এবং অসমমিত সংশ্লেষণে স্বয়ংক্রিয় অনুঘটন প্রক্রিয়া আবিষ্কারের জন্য চলতি বছর হেনরি কাগন ও কেনসো সোয়াইকে রসায়নের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
গত বছর রসায়নে নোবেল জেতেন তিন বিজ্ঞানী। তারা হলেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াগি। ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’ উদ্ভাবনের কারণে তাদের ওই বছর রসায়নে নোবেল দেওয়া হয় বলে জানায় সুইডিশ অ্যাকাডেমি।
১৯০১ সাল থেকে প্রতি বছর ডিনামাইটের আবিষ্কারক সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের উইল বা শেষ ইচ্ছা অনুযায়ী এই পুরস্কার দেওয়া হয়ে আসছে। চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি—এই মোট ৬টি ক্যাটাগরিতে প্রতি বছর বিশ্বের সেরা গবেষক ও ব্যক্তিত্বদের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।