Advertisement Banner

অন্তর্বর্তী সরকারের সময়ের মামলাগুলো যাচাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের সময়ের মামলাগুলো যাচাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আমলে দায়ের হওয়া মামলাগুলোর জেলাভিত্তিক তথ্য সংগ্রহ করে সেগুলো যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “৫ আগস্টের পর বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে, যেগুলো গণহত্যার মামলা এবং আওয়ামী ফ্যাসিবাদীর বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলা। এখানে তাদের (ডিসি) কাছে তালিকা চাওয়া হয়েছে, জেলাওয়ারি কতগুলো মামলা হয়েছে। এগুলো রিমোট জেলায় হয়তো কম, কিন্তু মহানগরগুলোতে একটু বেশি। যাচাই-বাছাই করে দেখা হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করে দেখা হবে, প্রকৃত অর্থে প্রকৃত আসামি কারা। সেটা তদন্ত কর্মকর্তারা তদন্ত করে দেখবেন, যাতে স্বল্প সময়ের ভেতরে সেটি ডিসপোজড (নিষ্পত্তি) করা যায়। আর যাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের যাতে নিষ্কৃতি দেয়, সেই সুপারিশ করেছেন।”

মামলা নিয়ে ডিসিদের কত দিন সময় দেওয়া হয়েছে–এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যথা শিগগির। তবে মৌখিকভাবে এক মাসের মধ্যে পাঠাতে বলা হয়েছে। কেউ দেরি করলে ন্যায়বিচারের স্বার্থে সেটিও বিবেচনায় নেওয়া হবে।”

সম্পর্কিত